সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘরে ঢুকে হাত-পা বেঁধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার নোয়াগাঁও এলাকার বাসিন্দা এক কিশোরী গত ১১ এপ্রিল বিকেলে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় তার পিতা-মাতা বাড়ির বাইরে থাকায় সেই সুযোগে প্রতিবেশী বিল্লাল উদ্দিনের পুত্র জিবলু মিয়া (২২) ঘরে প্রবেশ করে কিশোরীর হাত-মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার সময় আসামি বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে কিশোরীর মা তাকে দেখতে পান। পরে ঘরে গিয়ে কিশোরীকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় কিশোরী কান্নাকাটি করে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতারে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় রবিবার (২৩ আগস্ট) বিকেলে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ও সদর কোম্পানি সিলেটের একটি যৌথ দল সিলেট জেলার মোগলাবাজার থানার পীর হাবিবুর রহমান চত্বরে অভিযান চালিয়ে পলাতক আসামি জিবলু মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি নোয়াগাঁও এলাকার বাসিন্দা বিল্লাল উদ্দিনের পুত্র জিবলু মিয়া (২২)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।