প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬ ১৮:৩১ (সোমবার)
মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী

খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

সিলেট সফরে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি সিলেট সফর করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ২৪ আগস্ট  জারি করা এক চিঠিতে এ সফরসূচি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ব্যবস্থাপনায় ইসকন প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় নাইওরপুলে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’-এর কার্যক্রম ও কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রীর।

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে ‘সিলেটের কৃষি সম্প্রসারণ: বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের কৌশল বিষয়ে উপস্থাপনা ও আলোচনা’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সফর শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

সফরসূচিতে সিলেটের বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর সাক্ষাতের বিষয়টিও উল্লেখ রয়েছে।