ছবি: সংগৃহীত
হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা।
হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় জেলার প্রায় অর্ধশত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মো. রাশেদুজ্জামান চৌধুরী এবং জেলা জাসাস-এর আহ্বায়ক মো. মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
আফজাল আহমেদ-এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিশু-কিশোররা সমবেতভাবে ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানটি পরিবেশন করে।
চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- মোছাম্মদ চাঁদনী আক্তার, সাঁদ বিন হারুন, ইতি গোপ, জয় মিয়া, তায়্যিবা আক্তার রুহী এবং মো. রাফি ইকবাল দিহান।
অনুষ্ঠানে বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এতে তাদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজের মূলধারায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আরও বেশি সম্পৃক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন করা প্রয়োজন।
ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের অংশগ্রহণে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।