বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ দায়িত্ব বণ্টনে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকায় রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদিরও।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ-সংক্রান্ত আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বর্তমানে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন এই দায়িত্ব বণ্টনের ফলে জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।