সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করা হয়েছে—এমন গুঞ্জনের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। মিসবাহ সিরাজ জানিয়েছেন, তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
আটকের গুজব প্রসঙ্গে ইমজা নিউজের সঙ্গে আলাপকালে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘আমি তো সিলেটে নেই। আমি বর্তমানে লন্ডনে অবস্থান করছি।’
মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে আটকের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গুঞ্জনে বলা হয়, সোমবার (২৪ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন দালালের সহায়তায় ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। এ সময় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে বলে দাবি করা হয়।
তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে এমন খবর পাওয়া গেলেও যাচাই করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি আপাতত গুজব বলেই মনে হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে নগরের সাগরদিঘির পাড় এলাকায় তিনি হামলার শিকার হন।