জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত নবায়ন করা যাবে।
রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও নির্ধারিত ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এটিই শেষবারের মতো সময়সীমা বাড়ানো হলো। ফলে যাদের মোটরযানের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স এখনো হালনাগাদ করা হয়নি, তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কর ও ফি পরিশোধ করে কোনো জরিমানা ছাড়াই সেবা গ্রহণ করতে পারবেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এ সময়সীমা অবিলম্বে কার্যকর হয়েছে।