সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাই পুলিশ ক্যাম্পের সামনে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জকিগঞ্জ উপজেলার আমলসীদ গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) এবং একই উপজেলার আমলসীদ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।