সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, মেট্রোপলিটন অধ্যাদেশ ও বিশেষ অভিযানের আওতায় এসব আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৫০ গ্রাম গাঁজা, ১০ বোতল ভারতীয় মদ, ৫ লাখ ৬৭ হাজার পিস ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি এবং ৬ লাখ ৮৫ হাজার ২১৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৮টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।