প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট অঞ্চলের মানুষের বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। তবে শুধু বিদেশে লোক পাঠালেই হবে না, তাদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিদেশগামীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় দক্ষ হতে হবে।
তিনি আরও জানান, সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। তবে শুধু অবকাঠামো গড়ে তুললেই হবে না, সেখানে দক্ষ শিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর বিদেশগামীদের অবশ্যই বৈধ পথে যেতে হবে। এতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ অন্যান্যরা।
এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।