ছবি: সংগৃহীত
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় সিলেট বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্তও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফে, ৩৯ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বৃষ্টির কারণে সিলেটের জনজীবনে সাময়িক স্বস্তি ফিরলেও ভারি বর্ষণ হলে নগরীর নিচু এলাকা ও জলাবদ্ধতাপ্রবণ স্থানে পানি জমার আশঙ্কা রয়েছে।