প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ ১২:৪৯ (শুক্রবার)
সিলেটে সন্দেহের বসে ২ যুবককে আ/টক: পরে যা দেখলো ডিবি

সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ আগস্ট রাত ৮টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম জকিগঞ্জ থানাধীন ২ নম্বর বিরশ্রী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ বিপক এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করে ডিবি পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জের দক্ষিণ বিপক এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে সবুর মিয়া (৩৩) এবং একই এলাকার মৃত ফরিদ উদ্দিন কালার ছেলে মোঃ রুবেল মিয়া (২৮)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিশ্চিত করেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।