প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ ১৭:২৮ (শুক্রবার)
সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? জানা যায়নি ২৪ ঘণ্টাতেও

সিলেট নগরীর উপকণ্ঠ থেকে উদ্ধার করা অজ্ঞাত এক ব্যক্তির লাশের পরিচয় ২৪ ঘণ্টা পার হলেও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এমনকি জাতীয় ডাটাবেজে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) মিলিয়েও নিহতের কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তি একজন ভবঘুরে ছিলেন।

এর আগে গত বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের চামেলিভাগ এলাকার সিলেট-তামাবিল সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। স্থানীয়রা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সর্বশেষ তথ্য ও নিহতের সুরতহাল বিষয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, লাশ উদ্ধারের সময় নিহতের শরীরে কোনো পোশাক ছিল না। পরে স্থানীয় এক ব্যক্তির দেওয়া একটি লুঙ্গি পরিয়ে পুলিশ লাশটি মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙুলের ছাপ নিলেও জাতীয় ডাটাবেজে তার কোনো তথ্য মেলেনি।

ওসি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে সাম্প্রতিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পায়ে পুরোনো একটি গুরুতর ক্ষত রয়েছে, যা গ্যাংরিন বা ঘায়ে পরিণত হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক দুর্বলতার কারণে সড়কের পাশের কোনো ঢালু স্থান থেকে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের স্বজনদের খোঁজে দেশের সব থানা এবং বিভিন্ন গণমাধ্যমে তথ্য ও ছবি পাঠানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে নিহতের কোনো ওয়ারিশ বা পরিচিত জনের সন্ধান না পাওয়া গেলে শুক্রবার ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী লাশটি ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হবে।