প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ ২০:০৫ (শুক্রবার)
ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‌্যালী

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার ব্যবস্থাপনায় বুধবার (২৭ আগস্ট) এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় স্থানীয় গোয়ালাবাজার বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ থেকে র‌্যালীটি বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে তাজপুর হয়ে মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসায় গিয়ে শেষ হয়।

র‌্যালীতে কালিমা খচিত ফেস্টুন হাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় শিল্পীদের কণ্ঠে ‘সালাম সালাম-নবী হাজার সালাম’, ‘বালাগাল উলাবিহী কামালিহি’, ‘তালাআল বাদরু আলাইনা’ ও ‘ইয়া নবী সালামু আলাইকা’সহ বিভিন্ন নাতে রাসুল পরিবেশিত হয়। এতে পুরো রাজপথ মুখরিত হয়ে ওঠে।

র‌্যালী শেষে মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সহসভাপতি হাজী আজির উদ্দিন মেম্বার। অধ্যক্ষ মাওলানা হুমায়ুনুর রহমান লেখনের পরিচালনায় সভায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, অধ্যক্ষ মাওলানা আখতার আলী এবং মোল্লাপাড়া মাদরাসার সুপার মাওলানা সৈয়দ সুলতান আহমদ।

বক্তারা বলেন, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মহানবীর মহান আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

র‌্যালী ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কাজী মাওলানা আবুল কালাম আজাদ, হাফিজ তৌরিছ আলী, হাফিজ সিরাজুল ইসলাম, হাজী ধন মিয়া, হাফিজ মাওলানা আজাদ আলী, মাওলানা শামছুল ইসলাম, মাহবুব খান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জুম্মান আহমদ, মাওলানা মুফতি আব্দুল আহাদ, মাওলানা আফতাব আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আমিনুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, হাফিজ আতাউর রহমান ও হাফিজ সাব্বির আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ আসাদ আহমদ।