প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ ২০:২০ (শুক্রবার)
মঙ্গলবার প্রথমবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একদিনের সরকারি সফরে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটাই হবে সিলেটের মাটিতে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। বেলা ১১টা ২০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে যোগ দেবেন।

বিজিবি সেক্টর সদর দপ্তরে যাত্রাবিরতি শেষে দুপুর ১২টা ১০ মিনিটে তিনি অত্যাধুনিক ‘Shimanto School of Surveillance and Drone Warfare’ (SSSDW)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণ কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করবেন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন। দুপুর ১টা ২০ মিনিটে বিজিবি সেক্টর সদর দপ্তরে উপস্থিত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করবেন।

বিজিবি অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ ও নামাজ শেষে স্বরাষ্ট্র মন্ত্রী বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে উপস্থিত হবেন। সেখানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে একটি বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন তিনি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে সঙ্গী হিসেবে থাকছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. শিমুল আকতার এবং উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান

মন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।