প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ ২১:১১ (শুক্রবার)
পুলিশে ১৪ হাজার ৪০০ নতুন পদ সৃজন, নিয়োগ আসছে দ্রুত

ছবি: সংগৃহীত

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাঠপর্যায়ে জনবল সংকট দূর করতে বাংলাদেশ পুলিশে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। মোট ১৪ হাজার ৪০০টি নতুন পদ সৃজনের মাধ্যমে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই নিয়োগ সম্পন্ন হলে দেশের প্রতিটি জেলায় আনুপাতিক হারে পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধি পাবে, যা জনসেবাকে আরও ত্বরান্বিত করবে।

সংসদে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, জনবলের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও সরকারের রয়েছে। রাজস্ব বাজেটের আওতায় আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযানের ঘাটতি মেটানো হবে। গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পর্যালোচনা সভায় প্রস্তাবিত ৪ হাজার এসআই নিয়োগ নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ হাজার কনস্টেবল নিয়োগের সার্বিক প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই নিয়োগ বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।