ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মৃত শিশুদের মধ্যে পাঁচ মাস বয়সী উদ্ভব বিশ্বাস সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নকুল বিশ্বাসের ছেলে এবং ১১ মাস বয়সী হুমায়ারা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ছমির উদ্দিনের সন্তান। তারা দুজনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্যদিকে, নয় মাস ১১ দিন বয়সী আদিল সিলেট সদর উপজেলার ফকরুল ইসলামের ছেলে। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে হামে ও হামের উপসর্গে মারা যাওয়া ১৫১ জনের মধ্যে ১০ জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি ১৪১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে ১ হাজার ৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সিলেটে হামের মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও মৃত্যুর খবর উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।