ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করার পাশাপাশি পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কসবা থানার এসআই শামিমের নেতৃত্বে পুলিশের একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অবস্থান নেয়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে।
পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।
পুকুরে পড়ার পর মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ ক্রেনের সহায়তায় মাইক্রোবাসটি পুকুর থেকে তুলে আনে। এ সময় পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজাও উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক তা উপেক্ষা করে পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেন এনে মাইক্রোবাস ও এতে থাকা গাঁজা উদ্ধার করা হয়েছে।
পালিয়ে যাওয়া চালক ও পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।