প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬ ১৯:১৩ (শনিবার)
মৌলভীবাজার সীমান্তে অস্ত্র ও মাদক নিয়ে ভারতীয় চক্র, গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও চোরাকারবারিদের মধ্যে গুলি বিনিময়ের একপর্যায়ে তাকে আটক করা হয়। ধৃত বলাই নমশূদ্র (৩৫) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার লাতু থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, একটি শক্তিশালী ভারতীয় চোরাকারবারি চক্র বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী কুমারশাইল এলাকায় ওত পাতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পালটা গুলি চালালে চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আহত অবস্থায় বলাই নমশূদ্রকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড .২২ বোরের গোলাবারুদ এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, আটক ব্যক্তি সীমান্ত কেন্দ্রিক একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। এই অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, বিজিবি অবৈধ অস্ত্র ও মাদকসহ আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে। বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।