প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬ ১৯:৩০ (শনিবার)
সিলেটে ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে ঘাতকরা গ্রেপ্তার না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ছবি: ইমজা নিউজ

সিলেটের রায়নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহী ঈদগাহ এলাকা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে শাহী ঈদগাহ প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আগামী ৩ দিনের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে না পারলে সিলেটজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এলাকাবাসী।

যুক্তরাজ্য প্রবাসী জামায়াত নেতা হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও সোহাগ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে মূল বক্তব্য দেন, নিহত দম্পতির দুই প্রবাসী কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা। কান্নাজড়িত কণ্ঠে তারা অভিযোগ করেন, গত ১২ আগস্ট সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে পুলিশের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং বারবার তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তারা প্রশ্ন তোলেন, কখনো ‘প্রেমের সম্পর্ক’, কখনো ‘খারাপ ব্যবহার’, আবার কখনো ‘বাসাভাড়ার টাকা’—এমন নানা অজুহাত দেখিয়ে আসল সত্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে কেন?

বক্তারা বলেন, ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও অপরাধীরা ধরা না পড়ায় স্থানীয় বাসিন্দাসহ প্রবাসীদের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ কিংবা পূর্বশত্রুতার জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জোরালো দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি মূল ঘাতকদের গ্রেপ্তার করা না হয়, তবে শাহী ঈদগাহবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মিল্লাত আহমেদ, সুয়েব আহমদ, রুবেল আহমেদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

সিলেটের সচেতন মহল এই ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।