দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এই প্রশিক্ষণ বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত এ প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণে প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টা ক্লাস নেওয়া হবে।
সুযোগ-সুবিধা
প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে। যা পুরো প্রশিক্ষণে প্রায় ১৮ হাজার টাকা। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতা সরবরাহ করা হবে। কোর্স শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
আবেদন করতে হলে প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে (https://e-laeltd.com/64-student-reg-jubo) আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২০ সেপ্টেম্বর। পরীক্ষার স্থান ও সময়সূচি প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর, যা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিশেষ নির্দেশনা
আবেদন সম্পন্ন হওয়ার পর কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষাসংক্রান্ত তথ্য এসএমএসে জানানো হবে এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।