হবিগঞ্জের বাহুবলে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরহরিয়া গ্রামের লাল টিলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাঁও গ্রামের আমজদ মিয়ার ছেলে। তিনি প্রতিদিনের মতো নিজ খামার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তাকে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।