ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় একটি আধুনিক ও পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন শেষে এই পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রী জানান, মূলত প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের সরকারি কর্মসূচি চলমান থাকলেও দক্ষিণ সুরমার গুরুত্ব বিবেচনা করে এখানে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, 'দেশের ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। তবে দক্ষিণ সুরমায় আমরা কেবল মিনি স্টেডিয়াম নয়, বরং একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স বা স্টেডিয়াম করতে চাই। এর জন্য ৫ থেকে ৬ একর জমির প্রয়োজন হবে। আমরা এমন একটি স্থান নির্বাচন করতে চাই যা সাধারণ দর্শকদের যাতায়াতের জন্য সুবিধাজনক হবে এবং খেলোয়াড়দের সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।'
প্রকল্পের ব্যয় ও জমি নির্বাচনের বিষয়ে তিনি আরও উল্লেখ করেন যে, সরকারি খাস জমি পাওয়া গেলে প্রকল্পের ব্যয় অনেক সাশ্রয় হবে। তিনটি স্থান যাচাই-বাছাই করে স্থানীয়দের জন্য সবচেয়ে উপযোগী জায়গাটি চূড়ান্ত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হবে।
জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই মূল নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজা সেলিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।