প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬ ২১:৫৭ (রবিবার)
কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা ও বাঁধের সুরক্ষায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে উন্মুক্ত করে কাপ্তাই হ্রদ থেকে পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন শুরু করা হয়। বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে। পানি ছাড়ার মুহূর্তে হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানির স্তর দ্রুত বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাত ১০টায় গেট খোলার কথা থাকলেও পানির চাপের তীব্রতায় দুই ঘণ্টা আগেই তা উন্মুক্ত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হ্রদের পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও শনিবার দুপুরেই তা ১০৫ দশমিক ৬৪ ফুট অতিক্রম করে।

উল্লেখ্য, চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো।

বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটে পূর্ণদমে বিদ্যুৎ উৎপাদন চলছে, যার মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। স্প্রিলওয়ে ও বিদ্যুৎ উৎপাদন মিলিয়ে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। এর ফলে কাপ্তাই, রাঙ্গামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জানমালের নিরাপত্তা রক্ষায় সতর্ক থাকার বিশেষ আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।