প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬ ১৯:২২ (সোমবার)
আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার বাতিল!

ছবি: এআই

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে আয়োজিত একটি সেমিনার শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। দিল্লি পুলিশের অনুমতি না দেওয়ায় অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি)।

শনিবার সন্ধ্যায় ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’ শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদসহ কয়েকজনের বক্তব্য দেওয়ার কথা ছিল। আলোচকদের তালিকায় ছিলেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি, ঢাকায় নিযুক্ত সাবেক জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজসহ আরও কয়েকজন।

এফসিসির সাধারণ সম্পাদক প্রকাশ নন্দ গণমাধ্যমকে বলেন, দিল্লি পুলিশ অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেয়নি। তবে কেন অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে পুলিশ কোনো কারণ জানায়নি। অনুষ্ঠানস্থলে পুলিশ ব্যারিকেড দিয়ে শতাধিক সদস্য মোতায়েন করেছিল বলেও জানান তিনি।

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, কোনো অনুষ্ঠানে ‘অপ্রীতিকর পরিস্থিতি’ তৈরির আশঙ্কা থাকলে পুলিশ সেটি বাতিল করতে পারে। তবে এই সেমিনার ঘিরে এমন কোনো আশঙ্কা ছিল কি না, তা তিনি স্পষ্ট করেননি।

এর আগে চলতি মাসের ৫ আগস্ট এফসিসি আয়োজিত আরেকটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বক্তব্য নিয়ে ঢাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

বাংলাদেশের সাবেক কূটনীতিক ও বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, আগের ঘটনার পর দিল্লি আওয়ামী লীগ নেতাদের নিয়ে নতুন করে কোনো প্রকাশ্য অনুষ্ঠান আয়োজনের ঝুঁকি নিতে চায়নি। তবে সেমিনার বাতিলের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এমন কোনো কারণ জানায়নি।

এদিকে, সেমিনারের অন্যতম আলোচক সেলিম মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পায় নি গণমাধ্যম।