ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। শনিবার রাতে ও রোববার সন্ধ্যায় পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও এক থেকে দুজন জড়িত থাকতে পারেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ বলেন, এক প্রবাসীর ভাইয়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ভুক্তভোগী প্রবাসীর ভাই মো. সুমন বিমানবন্দর থানায় মামলাটি করেন। মামলায় আব্দুর রউফকে এক নম্বর, রিপনকে দুই নম্বর, আল-আমিন শান্তকে তিন নম্বর এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য তিনি মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে বাদী ও তার বন্ধু রোহান চৌধুরী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো সংগ্রহ করেন। পরে তারা ভাড়া করা একটি গাড়িতে করে সেখান থেকে রওনা হন।
এজাহার অনুযায়ী, রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীতে পৌঁছালে আসামিরা তাদের পথরোধ করেন। এ সময় ভুক্তভোগীদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে এবং তাদের কাছে বোমা রয়েছে বলে দাবি করে এলোপাতাড়ি মারধর করা হয়।
একপর্যায়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে আসামিরা চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।