কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনকে আটক করা হয়েছে- এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে কানাডা যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হয়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার (৩১ আগস্ট) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, জাকির হোসেনকে আটকের বিষয়টি আমাদের জানা নেই।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সক্রিয়তা দেখা গেলেও সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের উপস্থিতি কমে যায়। প্রথমদিকে অনেকে ভারতে অবস্থান নিয়েছেন- এমন আলোচনা থাকলেও পরবর্তী সময়ে কেউ কেউ দেশে ফিরেছেন বলেও গুঞ্জন রয়েছে।
এদিকে শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাড্ডা থানা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করেছে। একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ সোমবার ২টি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করা হয়েছে। প্রশাসনিকভাবে এমন কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে মিসবাহ সিরাজ নিজেই জানিয়েছেন, তিনি লন্ডনে অবস্থান করছেন।