প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ১৬:০৮ (সোমবার)
শিক্ষক পরিবার হ/ত্যাকান্ডে নতুন মোড়: সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে নেই মাদকের উপস্থিতি

রংপুর নগরীর বহুল আলোচিত চারজন হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির শরীরে মাদকের কোনো উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিরাপত্তার কারণে রোববার কারাগারের ভেতর থেকেই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষায় তাদের শরীরে এমফিটামিনসহ কোনো ধরনের মাদকদ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর সোয়া ১টার দিকে ডিবির একটি দল রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে দুই আসামির নমুনা সংগ্রহ করে। এ সময় রংপুর মেডিকেল কলেজের একজন ল্যাব টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন। আসামিদের নিরাপত্তা বিবেচনায় কারাগারের ভেতরেই নমুনা সংগ্রহের অনুমতি নেয় পুলিশ।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনার পর গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।