প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭ (মঙ্গলবার)
আট বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরেছে বিদেশি ফ্লাইট

ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর আবারও বিদেশি কোনো এয়ারলাইন নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এর মধ্য দিয়ে প্রবাসী অধ্যুষিত সিলেটে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

ওমানভিত্তিক এয়ারলাইন সালাম এয়ার (১ সেপ্টেম্বর) মঙ্গলবার থেকে সিলেট-মাসকাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি রিটার্ন ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সালামএয়ারের ফ্লাইট চালুর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর বিদেশি এয়ারলাইনগুলোর নিয়মিত কার্যক্রম আবারও শুরু। আগামী ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন ওসমানী বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।

তিনি বলেন, নতুন এই ফ্লাইট চালুর ফলে ওমানে বসবাসরত সিলেট অঞ্চলের প্রবাসীদের তুলনামূলক কম খরচে যাতায়াতের সুযোগ তৈরি হবে।

ওসমানী বিমানবন্দর থেকে সর্বশেষ নিয়মিত বিদেশি এয়ারলাইনের ফ্লাইট পরিচালনা করেছিল দুবাইভিত্তিক ফ্লাইদুবাই। ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে ওসমানী বিমানবন্দরে প্রথম কোনো বিদেশি এয়ারলাইন নিয়মিত যাত্রীসেবা শুরু করে ফ্লাইদুবাই।

প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করলেও যাত্রী চাহিদা বাড়ায় পরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ারলাইনটি। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট থেকে ফ্লাইদুবাইয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো বিদেশি এয়ারলাইন নিয়মিতভাবে ওসমানী বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করেনি।

সালামএয়ারের মাধ্যমে এবার সেই দীর্ঘ বিরতির অবসান হচ্ছে।

সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি বলেন, এয়ারলাইনটির নেটওয়ার্ক মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশে বিস্তৃত। বর্তমানে তারা ৩৮টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে এবং নেটওয়ার্ক আরও সম্প্রসারণের কাজ চলছে।

সিলেট-মাসকাট সরাসরি ফ্লাইট চালুর ফলে ওমানে বসবাসরত সিলেটের বিপুলসংখ্যক প্রবাসী সরাসরি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিলেট থেকে আবার ফ্লাইদুবাইয়ের ফ্লাইট চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। সম্প্রতি এয়ারলাইনটি সিলেট থেকে পুনরায় ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।

বিষয়টি জাতীয় সংসদেও জানানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সম্প্রতি সংসদে জানিয়েছেন, ফ্লাইদুবাইয়ের কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেবে।

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আটাব) সিলেটের সাবেক সভাপতি আবদুল জব্বার জলিল বলেন, চলতি বছরের শেষ নাগাদ ফ্লাইদুবাই আবার সিলেট থেকে ফ্লাইট চালু করতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ার অ্যারাবিয়াও সিলেটের সঙ্গে দুবাইয়ের যোগাযোগ স্থাপনে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের এক কর্মকর্তা। তাঁর মতে, শারজাহ হয়ে সিলেট-দুবাই রুটে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে চালু হতে পারে।

সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ প্রবাসে বসবাস করেন। বিশেষ করে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে সিলেটের বড় একটি জনগোষ্ঠী রয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই সিলেট থেকে সরাসরি বিদেশি এয়ারলাইনগুলোর ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।

আবদুল জব্বার জলিল বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বিদেশি এয়ারলাইনগুলোর নিয়মিত ফ্লাইট চালু করা। ওসমানী বিমানবন্দরের সক্ষমতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন তা পুরোপুরি কাজে লাগানো যায়নি।

তিনি বলেন, বিদেশি এয়ারলাইনগুলোর ফ্লাইট চালুর উদ্যোগ সফল হলে সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি প্রতিযোগিতা বাড়লে টিকিটের দামও তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে আসতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, সালামএয়ারের সিলেট-মাসকাট ফ্লাইট চালুর মধ্য দিয়ে ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নতুন গতি তৈরি হতে পারে। একই সঙ্গে অন্য বিদেশি এয়ারলাইনগুলোও সিলেটকে তাদের রুট নেটওয়ার্কে যুক্ত করতে উৎসাহিত হতে পারে।