প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫২ (মঙ্গলবার)
মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, ওসিসহ আহত ১০

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। এ জন্য সকালে সেখানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে অন্য পক্ষের কয়েকজন অনুসারী সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ কয়েকজন আহত হন। তাঁর চোখে আঘাত লেগেছে।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওসি (তদন্ত) মিল্টন দত্ত চোখে আঘাত পেয়েছেন।