ছবি: সংগৃহীত
আইটেম গান ‘কিসমত’ গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী দোলা রহমান। গানটির ভিডিওতে গাওয়ার পাশাপাশি তাঁকে নাচতেও দেখা গেছে। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ডি রকস্টার নিলয়।
গত ২৩ আগস্ট সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে প্রকাশিত হয় ‘কিসমত’। প্রকাশের সাত দিনের মধ্যেই গানটির ভিডিও ৮৪ হাজারের বেশি বার দেখা হয়েছে। শ্রোতাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন দোলা।
তাঁর ভাষায়, অনেকেই গানটির প্রশংসা করছেন। ‘কিসমত’ গানটির ভিডিওতে নাচের পাশাপাশি এর আগেও ‘আমি দোলা’ গানটিতে নেচেছেন এই শিল্পী। দেশের বাইরের শিল্পীদের মধ্যে গান ও নাচ একসঙ্গে করার চর্চা থাকলেও বাংলাদেশে এটি এখনো খুব বেশি প্রচলিত নয়। বিষয়টি নিয়ে নিয়মিত কাজ করতে চান দোলা। তাঁর মতে, একজন শিল্পী একই সঙ্গে গান ও পারফর্ম করতে পারলে তা অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে।
সেমি ক্লাসিক্যাল থেকে আইটেম-বিভিন্ন ধরনের গানে নিজেকে মেলে ধরছেন দোলা। নিজের এই বৈচিত্র্যময় যাত্রা উপভোগ করেন জানিয়ে তিনি বলেন, সবাই যখন তাঁকে ‘ভার্সেটাইল দোলা’ বলেন, তখন বিষয়টি তাঁর কাছে বেশ আনন্দের। এক ঘরানা থেকে অন্য ঘরানায় বিচরণ করতে পছন্দ করেন তিনি। ভবিষ্যতে নিজের শেখা বিষয়গুলো আরও কাজে লাগিয়ে নতুন নতুন ঘরানায় গান করার ইচ্ছাও রয়েছে তাঁর। দোলার সংগীতজীবনে বড় ভাই সুরকার ও সংগীত পরিচালক অদিত রহমানের প্রভাব রয়েছে। ভিন্ন ধরনের গান করার আগ্রহ এবং নতুনত্ব আনার চেষ্টায় ভাইয়ের অবদান রয়েছে বলে জানান তিনি।
অদিত রহমান ও দোলা রহমানের ‘প্রজেক্ট অদিতেরিয়ানস’ নামে একটি সংগীত প্রকল্পও রয়েছে। সেমি ক্লাসিক্যাল ও ফিউশনধর্মী গান নিয়ে কাজ করেন তাঁরা। নিজেদের সংগীতের শিকড় ও সেমি ক্লাসিক্যাল ধারাকে আধুনিক সংগীতের সঙ্গে মিলিয়ে বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ভাবনা থেকেই প্রকল্পটির শুরু। ২০১৫ সাল থেকে এই প্রকল্পের আওতায় গান করছেন তাঁরা। তবে এটি কোনো ব্যান্ড নয়, দুই ভাই-বোনের ভালোবাসার জায়গা থেকে করা একটি সংগীত প্রকল্প বলে জানান দোলা। গত বছর ও তার আগের বছর বিভিন্ন কাজের পর চলতি বছরও এ প্রকল্প থেকে নতুন গান আসবে বলে জানিয়েছেন তিনি। সংগীতের পাশাপাশি ক্যামেরার সামনেও নিয়মিত কাজ করছেন দোলা।
অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে শুধু অভিনয় করার জন্য কোনো কাজ করতে চান না এই শিল্পী। তাঁর ভাষায়, তিনি এমন কাজই করতে চান, যেটি তিনি নিজের সামর্থ্য অনুযায়ী ১০০ শতাংশ করতে পারবেন। নিজের কাছে চ্যালেঞ্জিং ও উপযুক্ত মনে হলে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করবেন, তবে শুধু কাজ করার জন্য কোনো কিছু করতে চান না তিনি।