প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৩ (বুধবার)
হামে শিশুর মৃত্যু: পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, হাইকোর্ট বিভাগের রুল

ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ।

শিশুটির বাবার করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিট আবেদনকারীর আইনজীবী মো. জুয়েল আজাদ জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণসচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সমাজকল্যাণসচিব, ঢাকার জেলা প্রশাসক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটে হামের টিকা সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি হামে আক্রান্ত হয়ে শিশু মো. সাফোয়ান ইসলাম জাহিনের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়।

রিট আবেদন অনুযায়ী, সাত মাস তিন দিন বয়সী শিশু সাফোয়ান ইসলাম জাহিন গত ২৬ মে হামে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে মারা যায়। পরে শিশুটির বাবা মো. শাকিল গত ৫ জুলাই হামের টিকা কার্যক্রমে অব্যবস্থাপনা ও শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জুয়েল আজাদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস।

রিটের পক্ষে শুনানিতে আইনজীবী জুয়েল আজাদ বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়া বিলম্বিত ও ব্যাহত হয়েছিল। তাঁর দাবি, ওই সময়ে সরকারপ্রধান হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দায়িত্ব ছিল টিকা কার্যক্রম স্বাভাবিক রাখা।

তিনি আরও বলেন, সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী চিকিৎসাসহ মৌলিক প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। টিকা কার্যক্রমে গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে; এমন অভিযোগের ভিত্তিতেই ক্ষতিপূরণ চেয়ে রিটটি করা হয়েছে।

রিটে টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কোনো গাফিলতি বা অব্যবস্থাপনা ছিল কি না, থাকলে তার দায় কার এবং শিশুটির মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে কি না;এসব বিষয়ও পর্যালোচনার দাবি জানানো হয়েছে।