প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪১ (বৃহস্পতিবার)
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাক ও স্ত্রী’র বিচার শুরু

ছবি: সংগৃহীত

গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

অভিযোগ গঠনের শুনানিতে আশফাকুল হক ও তানিয়া খন্দকার আদালতে উপস্থিত ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে ১৫ বছর বয়সী গৃহকর্মী প্রীতি ওড়ানের মৃত্যু হয়। তিনি সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারের বাসায় কাজ করতেন।

এ ঘটনায় প্রীতির বাবা লুকেশ ওড়ান বাদী হয়ে আশফাকুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন। দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় করা মামলাটির তদন্ত শেষে গত ৩১ মার্চ ডিবি পুলিশ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

পরে মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। আশফাকুল হক ও তানিয়া খন্দকার চার মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন।