প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০ (বৃহস্পতিবার)
পূবাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের ডেমরপাড়া এলাকা থেকে প্রাপ্তি মল্লিক পূজা নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে স্বজনেরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্রের সঙ্গে পারিবারিকভাবে পূজার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না।

স্বজনেরা জানান, গত শুক্রবার ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসলের পর নিজ কক্ষে অবস্থান করছিলেন। রাতে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন।

পরে পাশের কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি আইনগতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।