ছবি: সংগৃহীত
প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্বাস্থ্য, সংস্কৃতি ও জনপ্রশাসনসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমও সচিব পদে পদোন্নতি পেয়েছেন; তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে স্থলাভিষিক্ত করা হয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ কিছু বদলিও কার্যকর করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব করা হয়েছে।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের বর্তমান সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রশাসনিক এই পরিবর্তনের পাশাপাশি এক সচিবকে অবসরে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসরীন জাহান আগামী ৫ সেপ্টেম্বর ৫৯ বছর পূর্ণ করবেন। সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে অবসর প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) সুবিধা পাবেন।