ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রাংপানি নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বালু খেকোদের দমনে এবং পরিবেশ রক্ষায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ নৌকাগুলো বিকল করে দেওয়া হয়।
অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
বালু উত্তোলন বন্ধে এই অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল এবং ৪৮ বিজিবির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের উপস্থিতিতে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও নদী রক্ষায় বিজিবি ও পুলিশের কঠোর টহল লক্ষ্য করা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, জৈন্তাপুরের নদীগুলো থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।