ছবি: সংগৃহীত
ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগে পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারনিউমারারি পদোন্নতিপ্রাপ্ত) হাফিজ আল ফারুককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সঞ্চিত কুমার রায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে, মানস কুমার পোদ্দার একই বছরের ১৮ অক্টোবর থেকে, মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এবং হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে, নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে একজনকে এসআই পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি এবং এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। চাকরি না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে রোকনুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম ও পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালালকেও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বরখাস্ত করা হয়েছে।
রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আর হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটি নিয়ে আর কর্মস্থলে যোগ দেননি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করা এবং অনুমতি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।