প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০২ (শুক্রবার)
শীঘ্রই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খুব দ্রুতই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, গত ৩১ মে থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী প্রবেশ বন্ধ থাকলেও দ্বিপক্ষীয় ও কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে।

শ্রমবাজার চালুর লক্ষ্যে নেওয়া পদক্ষেপসমূহ তুলে ধরে মন্ত্রী জানান, গত ২৪ জুন মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি ডেমি-অফিশিয়াল (ডিও) চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা সম্পন্ন হয়েছে।

মালয়েশিয়া ছাড়াও ওমানের বন্ধ শ্রমবাজার চালুর বিষয়েও কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, ইতালি ও রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিত কর্মী পাঠানো হচ্ছে। বিশেষ করে কাতার সম্প্রতি বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও এসি টেকনিশিয়ানের মতো দক্ষ কর্মী নিয়োগে বিশেষ আগ্রহ দেখিয়েছে। বিদেশের বাজারে নতুন সুযোগ তৈরি করতে এবং বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়াতে প্রয়োজনে প্রতিটি দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার।

দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, ১ লাখ চালক তৈরির একটি বিশেষ প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ভাষাগত প্রতিবন্ধকতা কাটাতে ঢাকা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ডিটিটিআই) জাপানি, কোরিয়ান, ইংরেজি, ইতালিয়ান ও জার্মানসহ বিভিন্ন ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সরকারি প্রতিষ্ঠান 'বোয়েসেল'-এর মাধ্যমে স্বল্প বা শূন্য অভিবাসন ব্যয়ে জর্ডান, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলোতে কর্মী পাঠানোর কার্যক্রমও সফলভাবে চলছে বলে তিনি জানান।