ছবি: সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কর্মস্থলে সময়মতো উপস্থিত না থাকা ও ডিউটি শেষ হওয়ার আগেই প্রস্থান করার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট সফরে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সফরকালে তিনি সিলেটের প্রধান এই চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে গত বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত আনুষ্ঠানিক সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে বিমানযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী।
সিলেটে পৌঁছে তিনি সরাসরি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। সেখানে তিনি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, রোগীদের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করবেন।
এরপর বেলা ১১টায় তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রীর এই সফরের অন্যতম উদ্দেশ্য সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে যাচাই করা। বিশেষ করে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগের প্রেক্ষাপটে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে মন্ত্রী সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন।
সফর শেষে এদিন বিকেল ৪টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে মন্ত্রীর এই ঝটিকা সফর কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সচেতন নগরবাসী।