ছবি: কলিম উদ্দিন আহমদ মিলন, এমপি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও চারবারের এই অভিজ্ঞ সংসদ সদস্য গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় ছাতক ও দোয়ারাবাজারসহ গোটা সুনামগঞ্জ জেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে।
দেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ডাক ও টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সংশ্লিষ্টরা মনে করছেন, কলিম উদ্দিন আহমদ মিলনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এই মন্ত্রণালয়ের তদারকি ও নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল বৈষম্য দূর করা এবং ডাক বিভাগের আধুনিকায়নে তিনি সংসদে জোরালো আওয়াজ তুলবেন বলে সাধারণ মানুষের প্রত্যাশা।
এদিকে কলিম উদ্দিন আহমদ মিলনকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছেন ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে জানান, মিলনের নেতৃত্বে এই স্থায়ী কমিটি সেবার মান বাড়াতে ও অনিয়ম দূর করতে সফল হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামীণ এলাকার দুর্বল মোবাইল নেটওয়ার্ক এবং ধীরগতির ইন্টারনেটের সমস্যা সমাধানে নতুন সভাপতি দ্রুত পদক্ষেপ নেবেন।
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, তিনি জাতীয় পর্যায়ে সফলতার পাশাপাশি নিজ এলাকার জনগণের সমস্যাগুলোকেও সংসদে গুরুত্বের সাথে উপস্থাপন করবেন।
প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই এখন এই অভিজ্ঞ রাজনীতিকের সামনে বড় চ্যালেঞ্জ ও সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।