ছবি: সংগৃহীত
সিলেট নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
চিকিৎসা সেবায় অনিয়ম ও লাইসেন্স নবায়ন না থাকায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে উভয় প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, নগরীর অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ২০১৯ সালের পর থেকে আর নবায়ন করা হয়নি। দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, নিউ গ্রামীণ হাসপাতালের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও চিকিৎসাসেবার অনুপযোগী পাওয়ায় সেটিকে জরিমানার আওতায় আনা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিবেশের মানোন্নয়নে ১৫ দিন সময় দেওয়া হয়।
ভোক্তা অধিকার দপ্তরের এই অভিযানে আরও বেশ কিছু ক্লিনিক পরিদর্শন করা হয়। তবে মেট্রো মেডিকেয়ার ক্লিনিক এবং শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান ও সার্বিক কার্যক্রম সন্তোষজনক হওয়ায় সেগুলোকে কোনো শাস্তির আওতায় আনা হয়নি। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।