সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশের তল্লাশিতে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ডকাফটি উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত আসির মিয়া (৩৫) এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
গেলো বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। আসির মিয়া স্থানীয় দামোধরদপী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে চালিয়ে একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। এসময় আসামির স্বজনরা পুলিশের ওপর চড়াও হয় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে স্বজনদের ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ বুঝে হ্যান্ডকাফ পরা অবস্থায় দৌড়ে পালিয়ে যান আসির।
আসামি পলায়নের পরপরই তাকে ধরতে এলাকায় চিরুনি অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে পলাতক আসামির ফেলে যাওয়া হ্যান্ডকাফটি উদ্ধার করতে সক্ষম হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশের কঠোর বেষ্টনী ভেদ করে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামি পলায়নের ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল জানান, পলাতক আসামিকে পুনরায় আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুলিশের কোনো অবহেলা ছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে।