ছবি: সংগৃহিত।
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের এক সময়োপযোগী অভিযানে মানবপাচারের শিকার ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একই সাথেপাচারচক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) মাইনুল রেজার নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় মীরেরচক এলাকায় রুবেল মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। অভিযানকালে মানবপাচার ও বন্দি রাখার অভিযোগে রেনু বেগম (২৮) নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় মীরেরচক এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায় রেনু বেগম, তার স্বামী রুবেল মিয়া এবং তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রলোভন ও নানাবিধ কৌশলে লোকজনকে সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিমদের মতো তাদের নিজ বাড়িতে এনে জিম্মি করে রাখত এবং অবৈধ উপায়ে বিদেশে পাচার করত। এ সংক্রান্তে শাহপরাণ (রহঃ) থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত রেনু বেগমের স্বামী রুবেল মিয়াসহ পলাতক কেন আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।