ছবি: ইমজা নিউজ
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় নির্মাণাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতুর অবয়ব এখন স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রত্যাশা বেড়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, মহাসড়কের ৫৩তম কিলোমিটারে নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য ১৪১ দশমিক ৩০ মিটার এবং প্রস্থ ৯ দশমিক ৩০ মিটার। সেতুটিতে ফুটপাতসহ আধুনিক নকশা সংযোজন করা হয়েছে।
প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৬৩ লাখ টাকা। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জিয়াংসি জেভের’ সেতুটি নির্মাণ করছে।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে সেতুটি নির্মাণ করা হচ্ছে। চার লেনের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি ভবিষ্যতে যান চলাচলকে আরও নিরাপদ ও গতিশীল করবে। একই সঙ্গে সুনামগঞ্জের সঙ্গে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।
বর্তমানে সেতুর আর্চ কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাজ দেখতে প্রতিদিনই স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, নির্মাণ শেষ হলে এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং শান্তিগঞ্জের একটি দৃষ্টিনন্দন স্থাপনা ও দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি পাবে।
সওজের নির্বাহী প্রকৌশলী ড. মো. সাইদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। আর্চ কাঠামোর কাজ শেষ হলে পরবর্তী ধাপে স্ল্যাব ও সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে আগামী কয়েক মাসের মধ্যেই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের আশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নতুন এই আর্চ সেতু সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে নিরাপদ, দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করবে এবং অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।