ছবি: সংগৃহীত
বিয়ের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে ফের বিয়ের পিঁড়িতে বসা আলোচিত সেই প্রবাসী নারীর ঠাঁই হলো কারাগারে।
শারমিন সুরভী মৌসুমী নামের ওই নারী যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও জন্মসূত্রে বাংলাদেশি। আগের বিয়ের খবর ও সন্তানের অস্তিত্ব লুকিয়ে দ্বিতীয় বিয়ে করার অপরাধে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, আসামি শারমিন সুরভী মৌসুমী তার পূর্বের বিয়ের কথা গোপন রেখে জাকের আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুকাল পর জাকের আহমেদ জানতে পারেন শারমিন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাদী ও সাক্ষীদের জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। যদিও এ মামলায় কনের পরিবারের অন্যান্য সদস্যদেরও আসামি করা হয়েছিল, তবে রায়ে তাদের বিষয়ে আদালত ভিন্ন সিদ্ধান্ত প্রদান করেছেন।
প্রতারণা ও তথ্য গোপনের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় রীতিনীতি অবমাননার এই রায় সিলেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।