ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মাসুদ আহমদ (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ ওই গ্রামের বাসিন্দা আব্দুল হালিম আদুল মিয়ার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায় মাসুদ। মাছ ধরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের হাতে সেগুলো বুঝিয়ে দিয়ে সে একটি কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মাসুদের মৃত্যু হয়।
পরিবারের দাবি, মাসুদ দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরে অধিকতর তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই এটি হত্যা না কি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।