বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানায়, এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ছাড়া ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো মার্কিন নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের অধীনে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না। একইভাবে পূর্ণকালীন পড়াশোনা করে ডিগ্রি বা একাডেমিক স্বীকৃতি অর্জন করাও এ ভিসার শর্তের পরিপন্থী।
দূতাবাস আরও জানায়, ভিসার অপব্যবহার রোধে এসব নিয়ম কঠোরভাবে অনুসরণ করা জরুরি। ভ্রমণের আগে ভিসার শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট শিক্ষার্থীদের ক্ষেত্রেও সতর্কবার্তা দিয়ে দূতাবাস জানায়, নির্ধারিত পড়াশোনার বাইরে কাজে যুক্ত হওয়া, ক্লাসে অনিয়মিত উপস্থিতি বা অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করলে ভিসা বাতিল হতে পারে।
দূতাবাসের মতে, এসব নির্দেশনার উদ্দেশ্য হলো- যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করা এবং কোনো ধরনের অপব্যবহার প্রতিরোধ করা।