প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০২ (রবিবার)
সিলেট কদমতলীতে যুবকের গ/লা/কা/টা ম*র*দে*হ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম লায়েস মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকেই ওই যুবককে কদমতলী এলাকায় সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। তবে শুক্রবার বিকেলে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফউজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা যুবককে গলা কেটে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে।

পুলিশ নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি; তবে অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।