ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও এলাকা থেকে আল-আমিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে নলকট গ্রামে নিজ বসত ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল-আমিন ওই এলাকার আলী আসকরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আল-আমিনের নিজ ঘরে ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মরদেহটি নিচে নামিয়ে আনে। এসময় মরদেহের বুকের ওপর ব্লেড দিয়ে কাটার মতো বেশ কিছু ক্ষতচিহ্ন লক্ষ্য করেছে পুলিশ।
প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, আল-আমিন প্রেম করে বিয়ে করেছিলেন। তবে পারিবারিক কোনো কারণে মাসখানেক আগে তার স্ত্রী সন্তানসহ ঢাকায় চলে যান।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক বিষাদ থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।