ছবি: ইমজা নিউজ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে মরহুমের সমাধিতে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এম. সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানসহ মৌলভীবাজার ও সিলেটের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘এম. সাইফুর রহমান কেবল একজন জাতীয় নেতাই ছিলেন না, তিনি ছিলেন আমাদের রাজনীতির আলোকবর্তিকা ও অভিভাবক। ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর নীতি ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করেছে। দেশের অর্থনীতি সচল রাখা, রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান অবিস্মরণীয়। বিশেষ করে সিলেটের উন্নয়নে তাঁর যে ত্যাগ ও কর্মতৎপরতা, তা এই অঞ্চলের মানুষ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সিলেটের উন্নয়ন প্রসঙ্গে সিসিক প্রশাসক আরও বলেন, ‘সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন দীর্ঘদিন থমকে ছিল। এখন জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ায় সেই সুযোগ পুনরায় সৃষ্টি হয়েছে। এম. সাইফুর রহমান যেভাবে সিলেটের কল্যাণকে অগ্রাধিকার দিতেন, আমরাও তাঁর স্নেহধন্য কর্মী হিসেবে সেই পথ অনুসরণ করে একটি সমৃদ্ধ সিলেট গড়ে তুলতে বদ্ধপরিকর।’
এদিকে শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এম. সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর, কামরুল হাসান শাহিন, কামরুল হাসান শাহিন, আহমেদুর রহমান চৌধুরী মিলু, জিল্লুর রহমান সোয়েব, কুহিনুর আহমদ, শাকিল মোর্শেদ, এডভোকেট আল আসলাম মুমিন, লোকমান আহমদ, সালিক আহমদ, মনিরুল ইসলাম তোরন, সোলেমান আহমদ, শওকত মিয়া, শাহিন আলম জয়, আতাউর রহমান কাচা, সেলিম আহমদ, সাহেদ আহমদ, মিজানুর রহমান বেলাল, মোস্তাক আহমদ মোস্তাক, মাহবুব আলম, জাহেদূর রহমান, মুক্তার আহমদ, জুনেদ আহমদসহ জেলা ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা এম. সাইফুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর আদর্শে বলীয়ান হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার শপথ ব্যক্ত করেন।