ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে মাদরাসাছাত্র আশিকুল ইসলাম জনিকে (১৪) বিষ পান করিয়ে হত্যার অভিযোগে শিক্ষক মাহবুব আলম মাহিকে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহি নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে এবং ওই মাদরাসার শিক্ষক।
র্যাব সূত্রে জানা যায়, নিহত জনি মাধবপুরের সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নীয়া নূরানী মাদরাসায় কোরআনে হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করছিল।
মাদরাসার অর্থনৈতিক অনিয়ম এবং ছাত্রদের জন্য সংগৃহীত দানের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় মাদরাসা প্রতিষ্ঠাতা আল-আমিন হোসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহির সাথে জনির বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে গত ২২ এপ্রিল রাতে জনিকে ঘুমের মধ্যে মারধর ও জোরপূর্বক বিষ পান করানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরদিন সকালে অভিযুক্ত মাহি অসুস্থ জনিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ‘জিনের আছর’ হয়েছে বলে প্রচার করেন। পরে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি মাহিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।